খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুস সামাদ বলেছেন, স্বল্প সময়ে, স্বল্প খরচে এবং হয়রানি কমিয়ে সরকারী সেবা কিভাবে জনগণের দোরগড়ায় পৌঁছানো যায় এসব নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নতুন প্রকল্প সম্পর্কে বেশি বেশি করে করে আইডিয়া তৈরী করতে হবে। তিনি মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার ইনোভেশন টিমের নেতৃত্বে এ জেলা ইনোভেশন সার্কেল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, মহৎ আইডিয়া সকলেই সাপোর্ট করেন। যেমন, সাধারন মানুষের সাহায্যের অর্থই দিয়ে বিভিন্ন এলাকার মসজিদ নির্মান করা হয়ে থাকে সেখানে সরকার যেমন বিপুল পরিমান অর্থ দেয়না। তেমনি অর্থনৈতিক, সামাজিক, পরিবেশ, শিল্পায়ন ও শিক্ষাক্ষেত্রে নতুন নতুন আইডিয়া তৈরী করে ভালো কাজের উদ্যোগ নিতে হবে। তাহলে সেই পরিকল্পনাগুলো পরবর্তী প্রজন্মের জন্য উপকারে আসবে। সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, পৃথিবী প্রতিদিন পরিবর্তন হচ্ছে। আর তাই সকল সরকারী কর্মকর্তাদের পরিবর্তন হতে হবে। নতুন নতুন আইডিয়া বের করে জনসাধারনদের সেবা প্রদান করতে হবে। যারা পরিবর্তন হবে না মনে রাখবেন তাদের জায়গা হবে ডাষ্টবিনে। আর তাই আপনারা যারা ভালো কাজ করবেন তাদের জন্য থাকবে ভালো কাজ স্বরূপ সম্মাননা। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা উল্লেখ করে বিভাগীয় কমিশনার আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি নতুন নতুন আইডিয়া দিয়ে তাদের শিক্ষিত করে তুলতে হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ যুবকদেরকে বেশি বেশি করে ফ্রিল্যান্সার প্রশিক্ষণ প্রদান করতে হবে। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তাদের মেধাকে কাজে লাগাতে হবে। এছাড়াও কৃষিখাতসহ ভুমি অফিসকে নতুন নতুন আইডিয়া দিয়ে উদ্ভাবনী কাজে তরান্বিত করতে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানদের এগিয়ে আসার আহবান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প ও মন্ত্রীপরিষদ বিভাগের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। কুুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে এসময় মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আনারকলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মুস্থাফা কামালসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৩জনকে সম্মাননা প্রদান করা হয়। এরআগে তিন জেলার বিভিন্ন ইনোভেশন নিয়ে উপস্থাপন করা হয়।
কে এম শাহীন রেজা
কুষ্টিয়া প্রতিনিধি, বিডি টাইমস নিউজ ।


























