আবরার ফাহাদ (বুয়েট ছাত্র) হত্যাকাণ্ড নিয়ে বিবৃতির জন্য বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পোকে তলব করে ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৩’ই অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তার কাছে এ ব্যাখ্যা চাওয়া হয়। মিয়া সেপ্পো বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে জাতিসংঘ উইংয়ের মহা পরিচালক নাহিদা সোবহানের সঙ্গে সাক্ষাৎ করেন। এবং এ বিবৃতি দেন তিনি।
সম্প্রতি বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় জাতিসংঘের বাংলাদেশের আবাসিক সমন্বয়ের অফিস থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিতে ফাহাদের মৃত্যুর নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও বিচার দাবি করা হয়। একইসঙ্গে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘ প্রতিনিধিকে তারা দুটি বিষয়ে বলেছেন। প্রথমত, মুক্তভাবে নিজের মতপ্রকাশের জন্য বুয়েট ছাত্র আবরারকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করা হয়েছে জাতিসংঘের বিবৃতিতে, তা সঠিক নয়। ভারতের সঙ্গে করা চুক্তি নিয়ে অনেকেই নানা মাধ্যমে আলোচনা-সমালোচনা-মন্তব্য করেছেন। সরকার কাউকে তার মত প্রকাশে বাধা দেয়নি। দ্বিতীয়ত, উন্নত বিশ্বে যখন কোনো ছাত্র হত্যার ঘটনা ঘটে, তখন তা নিয়ে জাতিসংঘকে কথা বলতে দেখা যায় না। বাংলাদেশে কোনো ঘটনা ঘটলেই তাকে মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে জড়ানো হয় কেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























