মাগুরা প্রতিনিধিঃ আন্ত:জেলা গরু ডাকাত দলের ৭ সদস্যকে মাগুরা সদর থানা পুলিশ গ্রেফতার করেছে। একই সাথে ডাকাতি হওয়া ১৪ টি গরু এবং ডাকাতিতে ব্যবহ্রত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে মাগুরা সদর থানা মিলনায়তনে তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান, গ্রেফতারকৃতরা হচ্ছে- আন্ত: জেলা গরু ডাকাত দলের সদস্য ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মুরাইল পূর্বপাড়ার শিমুল মোল্ল্যা (৩৫), কান্দাকুল গ্রামের মিলন শেখ (২৫), সদর উপজেলার কানাইপুর ছোনপচা গ্রামের দিদার মিয়া (২৬), শ্রীফলতলি গ্রামের সুমন শেখ (২৫), পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের আলমগীর হোসেন (২৮), মধুখালী উপজেলার পাইকপাড়ার মিরাজ হোসেন (৪০) এবং রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর পূর্বপাড়ার মোশারফ মোসা (৩৫)। শুক্রবার দিবাগত রাতে মাগুরা সদর উপজেলার আঙ্গারদাহ গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে স্থানীয় গ্রামবাসী এবং পুলিশের একাধিক টিম যৌথ ভাবে তাদেরকে গ্রেফতার এবং ডাকাতিতে ব্যবহ্রত একটি ট্রাক-(কুষ্টিয়া-ট-১১-২৮২১), ১টি রামদা, ১টি টর্চ লাইট ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। পরে পুলিশের প্রাথমিক জিঙ্গাসাবাদে ডাকাতির ১৪টি গরু কুষ্টিয়া ভেড়ামারার ট্রাক মালিক শিশিরের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া শ্রীপুর থানা পুলিশ আবুল শেখ (২৪) ও জাহিদ হোসেন (৩৫) নামের ২ গরু চোরকে গ্রেফতার করে ৪টি গরু উদ্ধার করেছে।
গত এক সপ্তাহে মাগুরা পৌর এলাকার লক্ষিকান্দর রুহাত ডেইরী ফার্মের ৭টি গরু ডাকাতিসহ সদর, শ্রীপুর ও শালিখা উপজেলার বিভিন্ন গ্রামে গরু চুরি ও ডাকাতির ঘটনা ঘটে।
শেখ ইলিয়াস মিথুন,
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























