নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গি সন্দেহে আটক ৩ জন নব্য জেএমবির সদস্য বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। দুপুরে অভিযান সম্পর্কে সাংবাদিকদের জানান তিনি।

এসময় মনিরুল বলেন, ফতুল্লার জঙ্গি আস্তানায় যেসব বিস্ফোরক পাওয়া গেছে, তার সাথে ঢাকায় সম্প্রতি হওয়া বিভিন্ন চোরাগোপ্তা হামলায় ব্যবহৃত বিস্ফোরকের মিল রয়েছে। রোববার সকাল থেকেই ফতুল্লার ঐ বাড়িটি ঘিরে রাখে পুলিশ ও সোয়াট টিম।আটক করা হয় আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের শিক্ষক ফরিদ উদ্দিন রুমি, তার স্ত্রী অগ্রণী ব্যাংকের কর্মকর্তা জান্নাতুল ফোয়ারা অনুজ এবং কুয়েটের শিক্ষক জামাল উদ্দিন রফিককে। ফরিদ উদ্দিন রুমি ২০১২ সালে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগে শিক্ষার্থী হিসেবে ভর্তি হন।

২০১৭ সালের নভেম্বরে তিনি প্রভাষক হিসেবে নিয়োগ পান। বিভাগীয় প্রধান দেওয়ান হাসান আহমেদ জানান, তার কাজকর্মে কখনই জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি বোঝা যায়নি।এদিকে বাড়িটিতে আরো বিস্ফোরকের সন্ধানে এখনো কাজ করছে বম্ব ডিসপোজাল ইউনিট। ব্যবহার করা হচ্ছে রোবট।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে