ইউল্যাবে উচ্চ শিক্ষার মান অর্জনের জন্য উচ্চশিক্ষা সম্পর্কিত প্রথম সিইটিএল সম্মেলন ২২ আগস্ট  , ২০১৯ বৃহস্পতিবার ইউল্যাব অডিটোরিয়ামে শুরু হয়েছে। ২২-২৩ আগস্ট দুইদিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।উদ্বোধনী অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চ্যাং।

প্রধান অতিথির বক্তৃতায় ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘উচ্চশিক্ষায় সবচেয়ে প্রধান সমস্যা হলো মান। এই সমস্যা পাবলিক এবং প্রাইভেট দুজায়গাতেই আছে। উচ্চশিক্ষায় আমাদের পরিমাণগত কোনও সমস্যা নেই। যদি আমাদের সেই সমস্যা থাকতো, তাহলে আমাদের এতগুলো বিশ্ববিদ্যালয় থাকতো না। বিগত ১০ বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এ কারণে ১৫০টি বিশ্ববিদ্যালয় চলমান থাকার পরেও আরও ১০০টির মতো আবেদন জমা পড়ে আছে। আমাদের সময় উচ্চশিক্ষায় পরিমাণগত সমস্যা ছিল। কারণ, তখন এত বিশ্ববিদ্যালয় ছিল না। বাচ্চাদের স্কুলে পাঠানোর ইচ্ছা থাকলেও পাঠানো যেতো না। কারণ, যথেষ্ট স্কুল ছিল না। আজকের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখন সবজায়গায় স্কুল, হাই স্কুল, কলেজ আছে, এমনকি বসবাসের স্থান থেকে হাটা দূরত্বেই স্নাতক সুবিধা সম্বলিত কলেজ আছে। তাই শিক্ষার অধিকার এখন সব জায়গাতেই আছে। কিন্তু মূল সমস্যা হলো মানসম্পন্ন শিক্ষা।

সম্মেলনের প্রথম দিনে প্লেনারি সেশন অংশ নেন ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ওমর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন এন্ড রিসার্চের ডিরেক্টর সৈয়দা তাহমিনা আখতার, ইউল্যাব স্কুল অব বিজনেস এর ডীন ও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা ও সাবেক উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউ আই ইউ) এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. রেজওয়ান খান। এই প্লেনারি সেশনের সেশন চেয়ার ছিলেন অধ্যাপক ইমরান রহমান।  

উদ্বোধনী অনুষ্ঠান শেষ ধন্যবাদ জ্ঞাপন করেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজ-এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী ইনাম আহমেদ। এছাড়াও ইউল্যবের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক শিক্ষার্থী, অতিথিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, এই সম্মেলনে দেশি-বিদেশি ৫০ জন শিক্ষক ও গবেষক অংশ নিয়েছেন। তারা তাদের গবেষণা নিবন্ধ সম্মেলনে উপস্থাপন করবেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে