মুক্তিযুদ্ধের ইতিহাসে গৌরবের সাক্ষী মেহেরপুরের মুজিবনগর। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এখানেই শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। মুজিবনগর দিবস পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন হয়েছিলো বাংলাদেশের প্রথম সরকার। মেহেরপুরের মুজিবনগরে ১৭ এপ্রিল শপথ নেন অস্থায়ী এই সরকারের সদস্যরা। মুক্তিযুদ্ধে মোড় ঘোরানো সেই ঐতিহাসিক ঘটনাকে অম্লান করে রাখতে শপথগ্রহণের জায়গায় নির্মিত হয়েছে স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধকালীন ১১টি সেক্টরের বিভিন্ন ঘটনা প্রবাহ স্থান পেয়েছে কমপ্লেক্সে। এখানে ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে পাকিস্তানি হানাদারদের বর্বরতা এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বের ইতিহাস। ঐতিহাসিক ৬ দফার রূপক হিসেবে গড়ে তোলা হয়েছে ৬ ধাপের গোলাপ বাগান।মুজিবনগরকে আর্ন্তজাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ফের ১ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন করে অধিগ্রহন করা হবে আরো ৩৪ একর জায়গা। নির্মিত হবে শিশুপার্ক, লেকসহ নানা স্থাপনা।
প্রতিবারের মতো এবারো মুজিবনগর দিবস উদযাপনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।ঐতিহাসিক দিনটি পালনে মেহেরপুর ও মুজিবনগর এলাকায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























