গতকাল বিকেএসপিতে খেলোয়াড়ের অশোভন আচরণে স্তব্ধ গোটা ক্রিকেট অঙ্গন। বিশেষ করে জাতীয় দলের টেস্ট ফরম্যাটের সহ-অধিনায়ক তামিম ইকবালের আচরণে বিস্মিত সবাই। দেশের শীর্ষ এ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন প্রায় দশ বছর হয়ে গেল। তবুও তার আচরণ দেখে মনে হচ্ছে ‘কালই প্রথম খেললেন তিনি। ক্রিকেটের ক, খ, গ, ঘ… কিছুই জানেন না!’

পাড়ার ক্রিকেটে সব সময়ই পাড়ার বড়দের রাজত্ব থাকে। প্রিমিয়ার লিগে বিসিবি সভাপতির আবাহনীর একই অবস্থা। রাজত্ব হচ্ছে না বললেই ভুল হবে! যে দলের কর্মকর্তা খেলোয়াড়দের ডাগআউটে বসে অধিনায়ক ও কোচের সামনেই ধূমপান করতে পারে সেই দলের পক্ষে মাঠ ও মাঠের বাইরে অনেক কিছুই করা সম্ভব! লিস্ট ‘এ’ ক্রিকেটের মান কোথায় যাচ্ছে সেটাই বড় একটি প্রশ্ন?

বিকেএসপিতে রোববার তামিম ও আবাহনীর কর্মকাণ্ডে হতভাগ সকলেই। আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল তো ক্ষোভে ফেটে পড়েছেনই, সতীর্থদেরও উসকে দিয়েছেন! বরাবরেই মতোই তামিম ছিলেন উদ্ধত। বিসিবির ‘কুনজরে’ থাকা রূপগঞ্জের দুই ক্রিকেটারকে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করায় এক ম্যাচ বহিস্কার করা হয়েছিল। এর মধ্যে রয়েছেন জাতীয় দলের মোহাম্মদ মিঠুন ও মোশাররফ হোসেন রুবেল।

একইরকম ঘটনায় একই দলের সৌম্য সরকারকেও তিরস্কার করা হয়েছিল। ম্যাচ ফি কাটা পড়েছে ব্রাদার্সের তুষার ইমরানের। তাদের সবার ভুল বা দোষ যা-ই ছিল, সবাই শাস্তি পেয়েছেন। কিন্তু তাদের থেকেও তো বড় ‘ভুল’ করে বসেছেন তামিম ইকবাল।

চলমান লর্ডস টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে আম্পায়ারের প্রতি ‘অসম্মান’ দেখান ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। তার এমন আচরণের জন্য তাকে তিরষ্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অপরাধ খুব একটা বড় না হলেও অ্যান্ডারসনকে শাসন করেছে আইসিসি। অন্যদিকে একটি আউটকে কেন্দ্র করে মাঠে আম্পায়ারকে অকথ্য ভাষায় গালমন্দ করা ক্রিকেটীয় দৃষ্টকোণ থেকে অনেক বড় অপরাধ।তামিম ইকবাল সেই অপরাধে অপরাধী! বিসিবি কিংবা সিসিডিএম তামিম ইকবালকে অন্তত এক ম্যাচ বহিষ্কার করতে পারবে?

ব্যাট হাতে আবাহনীর হয়ে সময়টা দারুণ কাটছে তামিম ইকবালের। সুপার লিগের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। শিরোপা খরা কাটাতে আবাহনীর জন্যেও ম্যাচগুলো গুরুত্বপূর্ণ। ক্লাবের স্বার্থ বাদ দিয়ে ক্রিকেটীয় স্বার্থ চিন্তা করে হলেও বিসিবি সভাপতির উচিত তামিম ইকবালকে শাস্তি দেওয়া! বাকিটা তো নৈতিকতা ও আদর্শের ওপর নির্ভর করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে