পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি)একটি সাংস্কৃতিক সংগঠন কন্ঠস্বর আবৃত্তি দলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ৮ই ফেব্রুয়ারি কবি মজিদ মাহমুদের কবিতা অবলম্বনে ”সমাজমঙ্গলে কবিতা” শিরোনামে একটি কবিতা আবৃত্তির সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় পাবনা প্রেস ক্লাবে।
আবৃত্তি সভাটি পাবনা প্রেস ক্লাবের ভি.আই.পি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আবৃত্তি প্রযোজনার এই আয়োজনে উপস্থিত ছিলেন পাবনার স্বনামধন্য কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ। উক্ত আয়োজনে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী ড.নরেশ মধু,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মো:নূরুন্নবী সুমন,এছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী মোঃমাজহারুল ইসলাম।
শুরুতেই ভাষার মাস হিসেবে ফেব্রুয়ারি মাসের ও মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার মাধুর্য নিয়ে আলোচনার মাধ্যমে আবৃত্তির এই আয়োজন শুরু হয় এবং বক্তারা কবির কবিতা ও আবৃত্তিকার এর আবৃত্তির ধরণ,শব্দের শুদ্ধ উচ্চারণ এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন সাথে কবি মজিদ মাহমুদের কবিতাসমূহের আবৃত্তি এবং কবিতার ভাব ও গঠনশৈলী নিয়ে আলোচনা করেন।
আবৃত্তির এই সভায় উপস্থাপনায় ছিলেন পাবিপ্রবির শিক্ষার্থী অপূর্ব ও সঞ্চিতা এবং এর সভাপতিত্ব করেন কন্ঠস্বর আবৃত্তি দলের সভাপতি মোঃমতিউর রহমান। আবৃত্তি প্রযোজনার সভায় আরও পাবনার অন্যান্য স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আকরাম নয়ন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়























