‘গ্রন্থাগারে বই পড়ি আলোকিত মানুষ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল দশ ঘটিকার সময় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রন্থাগারিক মো: আতাউর রহমানের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশীদ আসকারী বলেন, আমার সবচেয়ে প্রিয় গন্ধ নতুন বইয়ের গন্ধ, ফুলের গন্ধের চেয়ে বইয়ের গন্ধ প্রিয়। বই পড়ার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যারা বই পড়েনা তাদের চোখ দুইটা আর যারা বই পড়ে তাদের চোখ তিনটা। তিনি মনীষীদের আখ্যা দিয়ে বলেন, একটি দেশ ভাল কিনা তা তিনটি উপায়ে বুঝা যায়। অন্যতম হলো ঐ দেশের লাইব্রেরি ভ্রমণ করে। আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের এই গ্রন্থাগার বাংলাদেশের অন্যতম প্রধান গ্রন্থাগার। এখন বিশ্বের যেকোন লাইব্রেরির যেকোন বইয়ের সাথে আমরা সম্পৃক্ত হতে পারবো।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মো: শাহিনুর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনিচুর রহমান, রেজিস্টার(ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ।
প্রিতম মজুমদার
ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইমস্ নিউজ























