দেশে যাত্রা করলো নতুন একটি রাইড শেয়ারিং অ্যাপ বাডি। অ্যাপটির মাধ্যমে একই সঙ্গে একাধিক যাত্রী নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবেন। মাইক্রোসফট বাংলাদেশের একটি উদ্যোগ হিসেবে বৃহস্পতিবার ‘বাডি’ অ্যাপটি উন্মোচন করেছে বাডি লিমিটেড।
বাণিজ্যিকভাবে অ্যাপটি উন্মোচন করা হলেও এটি অল্প সময়ের মধ্যে বৃহৎ পরিসরে কাজ শুরু করবে বলে টেকশহরডটকমকে জানান বাডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএমডি জসিম উদ্দিন চিশতি।তিনি বলেন, এটিকে আমরা সফট লঞ্চ বলছি। আজ থেকে এটি গ্রাহকরা ব্যবহার করতে পারবেন।অ্যাপটির বিশেষত্ব কি রয়েছে জানতে চাইলে তিনি টেকশহরডটকমকে বলেন, এটি একটি মাল্টি প্যাসেঞ্জার শেয়ারিং সার্ভিস। এটি অন্য যেকোন রাইড শেয়ারিং অ্যাপের চেয়ে ভিন্ন। এটির মাধ্যমে একসঙ্গে ১০ জন যাত্রী তাদের গন্তব্যে যেতে পারবেন।তিনি উদাহরণ দিয়ে বলেন, কোন যাত্রী যদি মতিঝিল থেকে উত্তরা যেতে চায় তবে একই গন্তেব্যে আর কে কে যাবে সেটা অ্যাপে জানা যাবে। তখন যাত্রা পথে অন্যারা এতে যোগ দিতে পারবেন।
দেখা যাবে একজন যাত্রী এই রাইড শেয়ারিংয়ে মতিঝিল থেকে উত্তরা যেতে খরচ পড়ছে ১৬০ থেকে ১৭০ টাকা, বলেন জসিম উদ্দিন চিশতি।অ্যাপটিতে যেতে হলে বেইজ ফেয়ার হবে ৩০ টাকা। রাখা হয়নি কোন ওয়েটিং চার্জ। এর বাইরে প্রতি কিলোমিটার প্রতি জনের ভাড়া হবে দেড় টাকা করে।বর্তমানে মাত্র ১০টি মাইক্রোবাস রয়েছে অ্যাপটিতে।

ধারণা করা হচ্ছে আগামী দুই-তিন মাসের মধ্যে ১০০ করবে প্রতিষ্ঠানটি।অপরিচিত ও ভিন্ন ব্যক্তিরা এতে চড়তে গেলে নিরাপত্তার বিষয়টিতো মাথায় রাখতে হবে। সেক্ষত্রে কি ব্যবস্থা থাকছে? জানতে চাইলে জসিম উদ্দিন চিশতি বলেন, আমরা এখানে নিরাপত্তার বিষয়টি সবার আগে ভেবেছি। ফলে মাইক্রোবাসে ক্যামেরার ব্যবস্থাও থাকবে। আর এআইয়ের মাধ্যমে ও ক্যামেরার সাহায্যে নিরাপত্তা নিশ্চিত করা হবে।এর বাইরেও ব্যবহারকারীকে যেহেতু অ্যাপে নিবন্ধন করতে হবে, তখন তার সবধরনের তথ্য তাদের কাছে থাকবে, ফলে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত থাকবে বলে জানান তিনি।
অ্যাপটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং মাইক্রোসফটের উইন্ডোজে ব্যবহার করা যাবে।নতুন এই রাইড শেয়ারিংয়ে বড় ধরনের বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি। জসিম উদ্দিন চিশতি বলেন, আমরা বাডিকে বৈশ্বিক রূপ দিতে চাই। এরপর আমরা অ্যাপটি সিঙ্গাপুর, কানাডার টরেন্টো এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লঞ্চ করতে চাই।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























