পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবীতে আজ সকাল ৯ টা থেকে সাধারন শিক্ষার্থীরা ছাত্র ধর্মঘট পালন করছে। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এবং প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
উল্লেখ্য যে গত ১৮ জানুয়ারি রোজ শুক্রবার পাবিপ্রবি ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত আসামীর বিরুদ্ধে ব্যাবস্থা নিতে দেরি করায় শিক্ষার্থীরা কয়েকদিন ধরেই আন্দোলন করে যাচ্ছে।
সাধারন শিক্ষার্থীরা বলেন- “আমরা আমাদের নিরাপত্তা চাই। আমরা আশা করব প্রক্টরিয়াল বডি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবেন।“
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ এ বিষয়ে বলেন-“শিক্ষার্থীদের সকল প্রকার যৌক্তিক দাবির সাথে আমরা দায়বদ্ধ ও এই আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি । পূর্বেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মানতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে। আশা করব মাননীয় উপাচার্য মহোদয় এ বিষয়ে আশু সমাধান করবেন।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডঃ প্রীতম কুমার দাস প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বলেন-“আমরা দ্রুততম সময়ে পদক্ষেপ নিয়েছি এবং অপরাধীকে আইনের আওতায় নেয়া হয়েছে। তারপরও এ ধরনের আন্দোলনের যৌক্তিকতা কতটুকু সেটা ভেবে দেখার বিষয়। এই আন্দোলনে কারো ইন্ধন আছে কি না জানিনা।“
আকরাম নয়ন,
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্স নিউজ

























