ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিতের আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আখতারুজ্জামান। ছাত্রনেতাদের সঙ্গে দুপুরে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ক্যাম্পাসে তারা রাজনীতির সুযোগ পাচ্ছেন না। তবে তাদের বাধা দেয়ার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মার্চের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ- ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর অংশ হিসেবে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাদের সাথে সোমবার দ্বিতীয় দফায় বৈঠক করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ। প্রায় সাড়ে তিন ঘন্টার বৈঠক শেষে ছাত্রলীগ ও ছাত্রদলের শীর্ষনেতারা একসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলেন। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকারামুল হাসান জানান, প্রশাসনের সঙ্গে আলোচনায় তারা আস্থা পেয়েছেন। তবে নির্বাচনের আগে ক্যাম্পাসে তারা বাধাহীন রাজনৈতিক তৎপরতা চালাতে চান।

ছাত্রদলের অভিযোগের জবাব দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি দাবি করেন, ক্যাম্পাসে কাউকেই রাজনীতি করতে বাধা দেয়া হচ্ছে না। প্রশাসনের সঙ্গে বৈঠকে ক্যাম্পাসে সবার সমান সুযোগ নিশ্চিতের দাবি জানান বামপন্থী ছাত্র সংগঠনের নেতারা। এসব দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

ডাকসু নির্বাচন পরিচালনার জন্য এরই মধ্যে ৫ জন রিটার্নি কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে