দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একের পর এক আন্দোলনের কর্মসূচিতে প্রায় আড়াই মাস ধরে অচলাবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয়টিতে।

বন্ধ হওয়ার উপক্রম দিনাজপুরের বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। এমন অবস্থায় একদফা পিছিয়ে আজ শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। তবে তা বর্জন করছেন আন্দোলনকারী শিক্ষকেরা।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের এমন ক্লাস-পরীক্ষা বর্জনের চিত্র বর্তমানে নিয়মিত ঘটনা। শুরুটা বেতন বৈষম্য দূর করার আন্দোলনের মাধ্যমে, পরে যোগ হয়েছে শিক্ষক লাঞ্ছনার বিচারসহ প্রক্টর, রেজিস্ট্রার ও ছাত্র উপদেষ্টার বহিষ্কারের দাবি।

গত বছরের নভেম্বর থেকে চলা কর্মসূচিতে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আড়াইশো শিক্ষকের ১৩৯ জনই। যাদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন অনেক কর্মকর্তা-কর্মচারীও।

আন্দোলন কর্মসূচিতে সেশনজটে পড়েছেন বিভিন্ন অনুষদের প্রায় ৪ হাজার শিক্ষার্থী। অচলাবস্থা নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি তাদের। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে বলতে না পারলেও রেজিস্ট্রারের আশ্বাস, সমস্যা সমাধানে দ্রুতই কোনো উপায় বের হবে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯টি অনুষদের ৪৪টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার। রয়েছে দুই শতাধিক বিদেশি শিক্ষার্থী।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে