পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এর এক ছাত্রীর মেসে ঢুকে এক যুবক  শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যারাতে এই ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পাবনা শহরের  রাধানগর এলাকার ‘ঝর্ণা ভিলা’ নামক মেসে, মেস মালিকের ভাতিজা আসিফ ইকবাল চিন্ময় (২৬)  এই শ্লীলতাহানির চেষ্টা চালায়।  ঐ মেসে পাবিপ্রবির বিভিন্ন বিভাগের ছাত্রীরা থাকে ।

এ ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পাবনা-ঢাকা মহাসড়কে মানববন্ধন করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। প্রায় এক ঘণ্টা যাবত মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সেখানে যায় এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

এ সময় শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকে। এর মধ্যে রয়েছে অপরাধীর দ্রুত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, মেস মালিকের জেল, মেয়েদের যত দ্রুত সম্ভব হলে তুলতে হবে ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম বাবু এ বিষয়ে বলেন,”ঘটনা সন্ধ্যায় ঘটলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন অপরাধীকে পুলিশের হাতে তুলে দিতে কালক্ষেপণ করেন। পরে রাত এগারোটার দিকে আমরা সেখানে যায় এবং দোষীকে পুলিশের হাতে সোপর্দ করি। দ্রুত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এদিকে ওই ঘটনায় পাবিপ্রবির একাধিক ছাত্রী জানান, “এই ধরনের ঘটনা কোন ভাবেই মেনে নিতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও আমরা নিরাপদে চলাচল করতে পারব না। উক্ত ঘটনায় আমাদের নিরাপত্তা শঙ্কাকে বাড়িয়ে দিয়েছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।“

আকরাম নয়ন,
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে