পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অর্থনীতি বিভাগের অর্থনীতি সমিতি কর্তৃক আয়োজিত ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নবীন বরণ ও ২০১১-২০১২ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২’তে বুধবার বিকাল ৩টায় শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো: আনোয়ারুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো: হাবিবুল্লাহ, প্রক্টর ড. প্রীতম কুমার দাস ও ছাত্র উপদেষ্টা মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ। আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মোঃ আল-আমিন।
আলোচনা অংশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো: হাবিবুল্লাহ, প্রক্টর ড. প্রীতম কুমার দাস ও ছাত্র উপদেষ্টা মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ, অর্থনীতি বিভাগের শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা ও বিভাগের সকল ব্যাচ থেকে একজন করে শিক্ষার্থী।আলোচনা অংশের সমাপনী বক্তব্যে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও অর্থনীতি সমিতির সভাপতি মোঃ আল-আমিন সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে আতশবাজি দিয়ে শুরু করে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও ফানুস উড়িয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সমাপ্ত হয়।
উক্ত অনুষ্ঠান সম্পর্কে অর্থনীতি সমিতির কোষাধ্যক্ষ বিকাশ চন্দ্র ঘোষ বলেন, “পড়ালেখার পাশাপাশি এই ধরণের অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধিতে সাহায্য করবে। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক তো বটেই শিক্ষার্থীরা নিজেদের আরও ভালোভাবে বুঝতে পারবে।” অর্থনীতি সমিতিকে গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আকরাম নয়ন,
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্স নিউজ

























