বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৯ টি সংস্থার নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি বাতিলের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন মিডিয়া উপ-কমিটির মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি জানিয়েয়েছেন দল নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম।
এইচ টি ইমাম বলেন, ‘আমরা লক্ষ্য করছি, আইনের এই বিধান সরাসরি লঙ্ঘন করে বিএনপি-জামায়াতের সাথে সম্পৃক্ত অথবা তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সমর্থনকারী ও সহানুভুতিশীল ৯টি স্থানীয় সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়া হয়েছে।’

সংস্থাগুলি হচ্ছে ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, লাইট হাউজ, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ, জাগরণী চক্র ফাউন্ডেশন, নবলোক, কোস্ট ট্রাস্ট, শরীয়তপুর ডেভেলাপমেন্ট সোসাইটি, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি। এই ৯টি সংস্থা মোট ১৪০টি সংসদীয় আসনে মোট ৬ হাজার ৫৮৫ জন পর্যবেক্ষককে পাঠাচ্ছে।
এই ৬ হাজার ৫৮৫ জনের প্রায় সকলেই বিএনপি-জামাতের সক্রিয় রাজনৈতিক কর্মী। এই নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের অংশ হিসেবেই এটি করা হয়েছে। আমরা আরপিও’র ৯১ সি অনুচ্ছেদের বিধানের আলোকে এই ৯টি সংস্থার অনুমতিপত্র বাতিল করার দাবী জানাচ্ছি। এর আগেও ৯টি সংস্থা বিষয়ে আপত্তি জানিয়ে দুই বার নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ





























