বাবার অপমান সইতে না পেরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় মামলা করবে পরিবার। স্বজনদের অভিযোগ, স্কুলে নকলের অভিযোগে অভিভাবকদের ডেকে অপমান করার কারণেই আত্মহত্যা করেছে নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারী।

অরিত্রির বাবা দিলীপ অধিকারী জানান, রোববার পরীক্ষার সময় অরিত্রির কাছে মোবাইল ফোন পান শিক্ষক। মোবাইলে নকল করছে-এমন অভিযোগে অরিত্রিকে তার পরদিন বাবা-মাকে নিয়ে স্কুলে যেতে বলা হয়। সোমবার স্কুলে গেলে অরিত্রির বাবা দিলীপ অধিকারী ও তাঁর স্ত্রীকে স্কুলের ভাইস প্রিন্সিপাল ও প্রিন্সিপাল অপমান করে বের করে দেন বলে অভিযোগ করেন স্বজনরা। এছাড়া অরিত্রিকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেয়ার হুমকিও দেয়া হয়। সেকারণেই এই কিশোরী আত্মহত্যা করে বলে দাবি স্বজনদের।

ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় দুটি তদন্ত কমিটি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ কর্তৃপক্ষ মঙ্গলবার এ দুটি তদন্ত কমিটি করে। দুই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ওই ঘটনার তদন্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো. ইউসুফকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শাখাওয়াত হোসেন এবং ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা বেনজীর আহমেদকে কমিটিতে রাখা হয়েছে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে