বিএনপির সঙ্গে ঐক্যফ্রন্টের আসন বন্টন জটিলতা কাটছে না। শরিকদের সর্বোচ্চ ৬০ আসন ছাড়তে চায় বিএনপি । আবার ঐক্যফ্রন্ট ১১৩ আসন চাইলেও বিএনপি দিতে চায় ২১টি। এমন অবস্থায় বিএনপির সঙ্গে ঐক্যফ্রন্টের দূরত্বের আভাস পাওয়া যাচ্ছে নেতাদের বক্তব্যে।

এক যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকায় রাজনীতিতে অনেকটাই কোনঠাসা হয়ে পড়ে বিএনপি। একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ঐক্যফ্রন্টে যুক্ত হয়ে নির্বাচনে আসার ঘোষণা দেয় দলটি। এর পরপরই ঐক্যফ্রন্ট ও ২০ দলে আসন ভাগের বিষয়টি সামনে আসে। বিএনপি ২৪০ আসন রেখে শরিকদের ৬০ আসনে ছাড় দিতে চায়। এর মধ্যে জামায়াতকে ২৯, ঐক্যফ্রন্ট ২১ আর অন্য দলগুলোকে দেয়া হতে পারে ১০ আসন।

বিশ দলে আসন বন্টন নিয়ে তেমন জটিলতা না হলেও ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির দফায় দফায় বৈঠকেও সমাধান আসেনি। জামায়াতের চেয়ে ঐক্যফ্রন্টকে কম আসন ছাড়ের প্রস্তাবে নাখোশ ঐক্যের অনেক নেতা। দূরত্বের কথা সম্প্রতি স্বীকার করেন ডক্টর কামাল হোসেনও।শুরুতে গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি এবং নাগরিক ঐক্য ২২৭ আসনে নিজেদের প্রার্থী তালিকা দিলেও এখন একশ আসনে প্রার্থীরা মনোনয়ন দাখিল করবেন।ঐক্য ধরে রাখতে বিএনপিকে উদার হওয়ার আহ্বান ঐক্যফ্রন্ট নেতাদের।

তবে, বিএনপি নেতারা বলছেন, কিছু ক্ষেত্রে ঐক্যফ্রন্টের দাবি অবাস্তব। তবে নির্বাচনে জেতার মতো প্রার্থীদের ছাড় দিতে প্রস্তুত বিএনপি।মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে বলেও জানান নেতারা।

সুত্রঃ ইন্ডিপেন্ডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে