পরীক্ষায় বাড়তি ফি নিলে স্কুলের বিরুদ্ধে এমপিও বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা সচিব সোহরাব হোসেন। এ ধরনের দুর্নীতির প্রমাণ পেলে কোনো ছাড় দেয়া হবে না বলে জানান দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে রাজধানীর ব্যানবেইজ মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হলেই ছাত্রদের কাছ বাড়তি টাকা নেয়ার অভিযোগ উঠে স্কুলের বিরুদ্ধে। এছাড়া টেস্টে ফেল করা শিক্ষার্থীকে টাকার বিনিময়ে পরীক্ষার সুযোগ দেয়ার অভিযোগও রয়েছে। এসব অনিয়ম খতিয়ে দেখতে প্রাথমিকভাবে রাজধানীতে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয় ৫টি টিম। গেল বছর থেকে শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে দুদক।
এবারও এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কোনো বাণিজ্য বা দুর্নীতির প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানায় তারা। এসএসসি পরীক্ষায় বাড়তি ফি আদায়ের প্রায় দুই হাজার অভিযোগ এরই মধ্যে মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে দুদক।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ


























