আজ থেকে শুরু হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা। পরীক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ভর্তি পরীক্ষায় ইউনিট সংখ্যা কমিয়ে ৮টি থেকে ৪টি করা হয়েছে এবং দুইদিনে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের এমসিকিউ-এর সঙ্গে ২০ নম্বরের লিখিত পরীক্ষাও দিতে হবে। সকাল ৯টা ৩০মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ ইউনিটের আগত পরীক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, অত্যন্ত আনন্দঘন এবং সুন্দর পরিবেশে তারা পরীক্ষা সম্পন্ন করেছেন। রাজশাহী থেকে আগত পরীক্ষার্থী জয়া বলেন, খুবই সুন্দর এবং নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছেন।এবং ভালো ফলাফলের ব্যপারে তিনি আশাবাদী।

‘বি’ ইউনিটের রোল নম্বর ০০০০১ থেকে ০৭১৫৫ পর্যন্ত পরীক্ষার্থীদের বেলা ১১টা ৩০মিনিট থেকে দুপুর ১২ টা ৩০মিনিট পর্যন্ত, রোল নম্বর ০৭১৫৬ থেকে ১৪৩১০ পর্যন্ত পরীক্ষার্থীদের দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এবং রোল নম্বর ১৪৩১১ থেকে অবশিষ্ট পরীক্ষার্থীদের বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩৩টি বিভাগে ২২৭৫টি আসনের বিপরীতে এবার আবেদন করেছে ৪৮ হাজার ৭১৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১ হাজার ৯৯৬ জন এবং ‘বি’ ইউনিটে ১ হাজার ৩৫টি আসনের বিপরীতে ২১ হাজার ২০৮ জন আবেদন করেছে।
এদিকে, শতভাগ ত্রুটিমুক্ত একটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল, হেড ফোনসহ সকল প্রকার ইলেক্ট্রনিক্স যন্ত্র বহন ও ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরির পদক্ষেপ হিসেবে এবং জালিয়াতিমুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য ক্যাম্পাসের প্রবেশপথে অত্যাধুনিক আর্চওয়ে গেট স্থাপন করা হয়েছে। উন্নত মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে ভ্রাম্যমান আদালতের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সাদা পোষাকের র্যাব সদস্যরা ইতোমধ্যে ক্যাম্পাসে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। ক্যাম্পাস এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত পরীক্ষার্থী এবং তাদের অভিভাকদের মোবাইল ফোন, ব্যাগসহ বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য প্রবেশপথের সামনের চত্বরে বিএনসিসি এবং রোভার স্কাউটস-এর চারটি হেল্প ডেস্ক-এর ব্যবস্থা করা হয়েছে। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় প্রক্টরিয়াল বডি তৎপর রয়েছেন।
ভর্তি পরীক্ষা চলাকালে পরিবহন সময়সূচিঃ
৪ ও ৫ নভেম্বর কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপা থেকে গাড়িসমূহ চলাচল করবে,
সকাল ৭টা ৩০মিনিট, ৯টা ৩০মিনিট, দুপুর ২টা ৪৫ মিনিট (প্রয়োজনে), বিকাল ৪টা ২০মিনিট (প্রয়োজনে) এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওয়ানা দিবে এবং সকাল ৮টা ৩০মিনিট, দুপুর ২টা ০৫ মিনিট (প্রয়োজনে), বিকাল ৩টা ৩০মিনিট (প্রয়োজনে), বিকাল ৫টা ৫০মিনিট এবং রাত ৮টা ১০ মিনিটে ক্যাম্পাস ছেড়ে যাবে। পরিবহন প্রশাসক প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের গাড়িসমূহ চলাচলের এ সময়সূচি জানানো হয়েছে।
আদনান সৌরভ ।। বিডি টাইমস নিউজ


























