ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মতবিনিময় সভা আজ (০১ নভেম্বর) ভিসি’র বাংলোয় অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী আসন্ন ভর্তি পরীক্ষাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রস্তুতি সাংবাদিকদের জ্ঞাতার্থে তুলে ধরেন। তিনি বলেন, অপেক্ষাকৃত বেশী মেধাবী শিক্ষার্থীদের ভর্তি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে চাই। তিনি জানান, এবারের পরীক্ষায় ইউনিট সংখ্যা কমিয়ে ৮টা থেকে ৪টা করা হয়েছে এবং দুইদিনে পরীক্ষা সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোন ধরণের দুরভিসন্ধিমূলক অপতৎপরতার বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন।
সমবেতভাবে শতভাগ আন্তরিকতা দিয়ে সফল সুন্দর স্বচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রযাত্রায় একটি মাইলফলক স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা অপরাধ সংগঠনের যে কোন ধরণের অপতৎপরতা সাংবাদিকদের গোচরে এলে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর অনুরোধ জানান। তিনি বলেন, দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থী এবং অভিভাবকরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ব্যবস্থাপনা নিয়ে যেন ভাল ধারণা নিয়ে ফিরে যেতে পারে আমরা সে-লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
মতবিনিময় সভায় প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান বলেন, উৎসবমুখর পরিবেশে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য আমরা এমন একটি নিরাপত্তা বলয় তৈরি করছি যেন কেউ নিরাপত্তাহীন বোধ না করে। মতবিনিময় সভায় জানানো হয়, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে ক্যাম্পাসের প্রবেশপথে অত্যাধুনিক আর্চওয়ে গেট স্থাপন করা হবে। উন্নত মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশির ব্যবস্থা করা হবে। প্রবেশপথের সামনে বিএনসিসি এবং রোভার স্কাউটস-এর চারটি হেল্প ডেস্ক থাকবে, যেখানে পরীক্ষার্থী এবং অভিভাবকরা বিনামূল্যে মোবাইল, ব্যাগসহ বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবেন। ভ্রাম্যমান আদালতের সার্বক্ষণিক নজরদারি থাকবে। পোষাকাধারী এবং সাদা পোষাকের র্যাব সদস্যরা ইতোমধ্যে ক্যাম্পাসে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় প্রক্টরিয়াল বডি সদা তৎপর থাকবে।
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ আতাউল হক-এর পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকগণ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। তারা ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























