সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সঙ্গে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় উপাচার্যসহ সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী বিশ্ববিদ্যালয়ের জন্য সদ্য বরাদ্দপ্রাপ্ত অধিকতর উন্নয়ন প্রকল্পটির বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও প্রকল্প নিয়ে সকল ধরনের বিভ্রান্তি দূর করার ব্যাপারেও বিস্তারিত আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে সকাল ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রবিউল আউয়াল চৌধুরী স ালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। দুপুর ২:৩০টায় পৃথক আরেকটি মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীবৃন্দও প্রকল্পটির বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, পাশকৃত প্রকল্পলটি বাস্তবায়িত হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল সংকট দূরীভূত হবে এবং সকল ধরনের প্রয়োজন মেটানো সম্ভবপর হবে। মাননীয় উপাচার্য আরও বলেন, “প্রকল্প নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হতে পারে। তবে আমরা সতর্ক আছি। ষড়যন্ত্রকারীরা সংখ্যায় অল্প। আমরাও প্রকল্পটির বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে ঐক্যবদ্ধ আছি।” মাননীয় উপাচার্য বলেন, প্রকল্পটি নিয়ে বিন্দু পরিমাণ অন্যায্য কিছু হয়নি। এ প্রকল্পের বাস্তবায়ন যুদ্ধের মতো। এ যুদ্ধে হেরে গেলে চলবে না, ব্যর্থ হলে আর কোনদিন সফল হওয়া যাবে না।

প্রকল্পের বাস্তবায়নের জন্য ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সকল অংশীদারদের সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই মিলেই প্রকল্পটি বাস্তবায়ন করব। তিনি আরও বলেন, বর্তমান ক্যাম্পাসে রাস্তাঘাটের উন্নয়ন, ফটক তৈরি, দশটি নতুন বাস বরাদ্দের ব্যবস্থা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের মতবিনিময় সভায় প্রকল্পটি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূরীকরণে সকলকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও তিনি প্রকল্প নিয়ে যেসব ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে সেগুলোর ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি জানান, শুরুতে বর্তমান ক্যাম্পাসের লাগোয়া জায়গাতেই ভূমি অধিগ্রহনের জন্য প্রকল্প জমা দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান ক্যাম্পাস লাগোয়া জায়গা থেকে ২০০ একর ভূমি অধিগ্রহন করতে ১৫০০ কোটি টাকা ব্যয় হতো। কিন্তু বর্তমান ক্যাম্পাস থেকে ১.২ কিলোমিটার দূরে মাত্র ৫০৯ কোটি টাকায় ২০০ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। তাছাড়া বর্তমানে যে ৫০ একর ভূমি রয়েছে, সেটিকে কেন্দ্র করে ভূমি অধিগ্রহন করে নতুন করে একটি পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান প্রণয়ন করা সম্ভব নয়। তাছাড়া অনেক ক্ষেত্রেই ভূমি অধিগ্রহন এলাকায় বসতি থাকলে সে জায়গার অধিগ্রহণ নিয়ে জটিলতায় পড়তে হয়, অনেক ক্ষেত্রে অধিগ্রহন করা যায় না। তাই জটিলতা এড়াতে এবং একটি পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যানের জন্য বিশ্ববিদ্যালয় থেকে ১.২ কিলোমিটার দূরত্বে ভূমি অধিগ্রহন করতে হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মোঃ আবু তাহের অত্যন্তু পরিষ্কার করে বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের নামে মিথ্যাচার করা হচ্ছে। কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হবে না। তিনি আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় লোকজনও ক্ষতিগ্রস্ত হবে না। বরং এ এলাকায় উন্নয়নের পরিমাণ বাড়বে। ফলে তারা আরও লাভবান হবে। তিনি সবাইকে বিভ্রান্তি পরিহার করে প্রকল্পটির বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য দেন কলা ও মানবিক অনুষদের ডিন জি. এম. মনিরুজ্জামান। তিনি বলেন সকলের স্বার্থে উন্নয়ন প্রকল্পটির সুষ্ঠু বাস্তবায়ন প্রয়োজন। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীদারগণ লাভবান হবেন।

মতবিনিময় সভায় সকল শিক্ষক বিশ্ববিদ্যালয়ের অধিকতর প্রকল্পটি বাস্তবায়নে সকল অংশীদারদের নিয়ে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা অধিগ্রহণ করা হচ্ছে, সেটি মাত্র ১০ মিনিটের দূরত্বে। পৃথিবীর বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন শহরে ক্যাম্পাস রয়েছে, এতে অসুবিধার কিছু নেই।
কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পটির বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন। তারা সকল ধরনের বিভ্রান্তি পরিহার করে সকল অংশীদারকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জিনাত আমান, কর্মচারী সমিতির সভাপতি দীপক চন্দ্র মজুমদার প্রমুখ।
গত ২৩ অক্টোবর, ২০১৮ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১১তম সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন ও সম্প্রসারণের জন্য ১৬৫৫ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
তারিকুল ইসলাম শিবলী
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























