বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রাবি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়াকে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ তাকে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। ফলে প্রথমবারের মত দুইজন উপ-উপাচার্য পেল বিশ্ববিদ্যালয়টি।
শিক্ষামন্ত্রনালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা যায়, ১৯৭৩ (সংশোধিত) এর অধ্যাদেশ ১৩ এর ১ ধারা অনুযায়ি রসায়ন বিভাগের অধ্যাপক চৌধুরি জাকারিয়াকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে ৪ টি শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। শর্তগুলো হচ্ছে,
১. উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ ৪ বছর হবে। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে এর পূর্বেই নিয়োগাদেশ বাতিল করতে পারবেন।
২. উপ-উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ ভাতাদি পাবেন।
৩. বিধি অনুযায়ি পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
৪. বিশ্ববিদ্যালয় সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করবেন।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার বলেন, আমরা রাষ্ট্রপতির চিঠি পেয়েছি। তবে তিনি এখনও যোগদান করেন নি। শীঘ্রই নিজ পদে দায়িত্ব গ্রহণ করবেন।
মেশকাত মিশু
রাজশাহী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্স নিউজ




























