অনুমতি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অবস্থান ও ঘোরাফেরা নিষেধ। এ সিদ্ধান্ত নিয়েছে প্রভোস্ট কমিটি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বললেন, এই নিষেধাজ্ঞা সবসময়ই আছে। তারপরও আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেজন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
৫’ই জুলাইয়ের সিদ্ধান্ত প্রেসনোটে জানালো ঢাকা বিশ্ববিদ্যালয়। যাতে, শিক্ষার্থী নয় বা বহিরাগতদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান এবং সব কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় হলের শিক্ষার্থীরা নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠন ও উগ্রবাদী মতাদর্শের সাথে জড়িত কি না সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রশাসনকে সতর্ক থাকতেও বলা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, তারাও স্বাধীনভাবে যে কোন কর্মসূচিতে অংশ নিতে পারেন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। একই সাথে কোটা আন্দোলন নিয়ে বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্খিত ঘটনা তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি করা হয়েছে।
এদিকে, ক্যাম্পাসে হামলা ও সহপাঠীদের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























