মোঃ তানসেন আবেদীনঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় দুইটি ডাইং ও একটি হোসিয়ারি কারখানা ও আবাসন প্রকল্পের ২৫০টি দ্বিমুখী চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তামশিদ ইরাম খানের নেতৃত্বে বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফতুল্লার পঞ্চবটি এলাকায় চাঁদনী হাউজিং নামে একটি আবাসন প্রকল্পে ও আশপাশের কয়েকটি শিল্প কারখানায় এই অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন তিতাসের ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলি মশিউর রহমান ও তিতাসের নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরানসহ প্রকৌশলীরা। বুধবার রাত পৌনে ৮টায় অভিযানের এ বিষয়টি নিশ্চিত করে তিতাসের ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান জানান, জোবিঅ-ফতুল্লার আওতাধীন চাঁদনী হাউজিং, হরিহরপাড়া ও এনায়েত নগর এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মেসার্স এম আর ইয়ার্ণ ডাইংয়ে ১ টন ক্ষমতার একটি বয়লার এবং আমায়া ইয়ার্ণ ডাইংয়ে ১ টন ক্ষমতার একটি বয়লার ও ৩০০ কেজির একটি হিটিং চেম্বারের মাধ্যমে অবৈধভাবে গ্যাস সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহারের কারণে সংযোগ ২টি বিচ্ছিন্ন করা হয়।
এছাড়াও উক্ত হাউজিং এলাকায় ২৩ টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কিলিং করা হয়। এতে করে ২৫০ টি আবাসিক দ্বিমুখী চুলার গ্যাস লাইন বিচ্ছিন্ন হয় এবং ঘন্টায় ১১ হাজার ৯৪০ ঘনফুট অবৈধ গ্যাস ব্যবহার ও মাসিক টাকা ২৩ লাখ ৩১ হাজার ৮৫০ সাশ্রয় হয়েছে। তিনি বলেন, চাঁদনি হাউজিং নামে আবাসন প্রকল্পে তিন থেকে চার শতাধিক বাড়িতে প্রায় দুই হাজার পরিবার বসবাস করেন। এখানে তিন তলা থেকে শুরু করে আট তলা নয় তলা পর্যন্ত ভবনও রয়েছে। অধিকাংশ বাড়িতেই অবৈধ সংযোগ ও অবৈধভাবে অতিরিক্ত চুলা ব্যবহার করা হচ্ছে।
নারায়ণগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ



























