মোঃ তানসেন আবেদীনঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে গাজী টায়ার্স কারখানায় অগ্নিকান্ডের আগে বাসার চারতলায় তারাব পৌরসভার সাবেক মেয়র হাসিনা গাজীকে রেখে পালিয়ে যান স্বামী সাবেক এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী- এমন অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রূপসীে ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে দিপু এসব কথা বলেন। তারাব পৌর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
গত ২৪ আগস্ট রাজধানী থেকে গাজীকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জের একটি হত্যা মামলায় ইতোমধ্যে তাকে দুই দফা রিমোন্ডে নেওয়া হয়েছে। ২৪ আগস্ট রাত থেকে রূপসীতে গাজী টায়ার্সে অগ্নিসংযোগের পর আলোচনায় আসে কারখানাটি। নিখোঁজ স্বজনদের অভিযোগ, এই কারখানার বিভিন্ন তলায় আটকে মারা গেছেন অনেকে। তবে তারা সকলেই যে লুটপাটে অংশ নিতে এসেছিলেন তা একেবারেই নিশ্চিত। অভিযোগ আগে এ লুটপাটের পেছনে গাজী অনুসারী আওয়ামী লীগের কয়েকজন জড়িত। এদিকে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমি গোলাম দস্তগীর গাজী সম্পর্কে কিছু বলতে চাই। মানুষ কতটা কাপুরুষ হলে তার পরিবারকে রেখে চলে যায়। সে তার স্ত্রীকে চারতলায় রেখে চলে গিয়েছিল। মানুষ এতটা কাপুরুষ হয় আমার জানা ছিল না। ওনি শুধু সন্ত্রাস না ওনি মানুষের লাশ চেয়েছিল। ওনি চেয়েছিল তার সহধর্মিনীও মারা যাক। গাজী সাহেবের কারখানায় কারা আগুন ধরিয়েছে সেটা তদন্ত করে দেখা হোক। আমি সাংবাদিক ও এলাকাবাসীকে বলবো এর সুষ্ঠু তদন্ত করেন। গাজী নিজেই লাশের রাজনীতি করেন। আর এ ঘটনায় আমাদের একজন মায়াকান্না করছেন। আমাদের দলের লোকের বাড়িতে যখন আগুন দিয়েছিল তখন কেউ মায়াকান্না করেনি। এখন কেন গাজীর জন্য এত মায়াকান্না করছেন।
তিনি আরো বলেন, আমরা রূপগঞ্জের রূপ আমরা ফিরিয়ে আনবো। ভূমিদস্যু ও চাঁদাবাজদের সাবধান করে দিতে চাই। আপনারা এসব ছেড়ে দেন। নতুবা রূপগঞ্জের লাখো মানুষ আমার সঙ্গে আছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেছেন, কিছুদিন আগে এখানে গাজী গোলাম দস্তগীরের ফ্যাক্টরিতে আগুন লাগে। এখানে কারা লুটপাট করেছে, কারা আগুন লাগিয়েছে, দেশের মানুষের সহানুভূতি পাওয়ার জন্য এতগুলো মানুষের প্রান তারা কেড়ে নিয়েছে, আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
সভাপতিত্ব করেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান। উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এমাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, ভুলতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্বাস উদ্দিন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মজিদসহ উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
নারায়ণগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ



























