জহির সিকদারঃ ভারী বৃষ্টি এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওড়া নদীর বাঁধ ভেঙে গেছে এছাড়াও সীমান্ত এলাকায় জাজির খালের পানি বৃদ্ধি পাওয়ার কারণে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালের দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের টানোয়াপাড়া গ্রামে দুটি জায়গায় হাওরা নদীর বাঁধ ভেঙেছে,ঢলের পানিতে তলিয়ে গেছে সবজিক্ষেত, ফসলি জমি, ভেসে গেছে ১৫ থেকে ২০ টি পুকুরের মাছ।

স্থানীয় সুত্রে জানা যায়, আখাউড়া উপজেলার হাওড়া নদীর বাঁধ ভাঙার কারণে বাউতলা,উমেদপুর,নীলাখাত,নয়াদিল,টানোয়াপাড়া,নোয়াপাড়া, নুনাসার,বচিয়ারা,ধাতুর পহেলা,কুসুম বাড়ি,আদমপুর সহ বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে প্রায় ৭০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে,৮ থেকে ১০ টি ঘরের মানুষ পানিবন্দি রয়েছে। এদিকে স্থলবন্দর এলাকার পাশ দিয়ে বয়ে চলা জাজির খাল দিয়ে ভারতীয় পাহাড়ি ঢলের পানি হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে। এতে করে উপজেলার সীমান্তঘেঁষা দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর, বঙ্গেরচর, সাহেব নগর এলাকায় নিম্নাঞ্চলের ১০ হেক্টর জমি প্লাবিত হয়েছে। আখাউড়া মোগড়া ইউনিয়নের দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান,  হাওরা নদীর বাঁধ ভাঙার কারণে মোগড়া ইউনিয়নের ৮ থেকে ১০ টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে প্রায় ৭০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে,৮ থেকে ১০ টি ঘরের মানুষ পানিবন্দি রয়েছে।

দক্ষিণ ইউনিয়নের উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সকাল থেকে জাজির খালের পানি বৃদ্ধি পাওয়ায়  দক্ষিণ ইউনিয়নের তিনটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে,এতে  প্রায় ১০ হেক্টর জমি পানির নিচে পানি দুই একদিনের মধ্যে সরে গেলে ফসলের কোনো ক্ষয়ক্ষতি হবে না,যদি এর চেয়ে বেশি দিন থাকে তাহলে ফসল নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি ঘটনাস্থল পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেন এবং এ বিষয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে