শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।। ভোট গ্রহণের ৪৫ মিনিটে ৩২ ভোট পড়েছে যশোরে ঝিকরগাছা উপজেলার বদরুদ্দীন মুসলিম হাই স্কুল কেন্দ্রে। সকাল আটটায় শুরু হওয়া এই কেন্দ্রে মোট ভোটার ৩,১৩৩ এর মধ্যে পুরুষ ১,৪৮৩ এবং নারী ১,৬৫২। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোনও রকম ঝামেলা ছাড়াই সকাল থেকে শান্তিপূর্ণ উপায়ে ভোটগ্রহণ করা হচ্ছে। প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আজ যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় ইভিএম-এ ভোট গ্রহণ হচ্ছে। ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ১৬৮। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩১ হাজার ৯৯৮ এবং নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ১৭০। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান নারী পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।



























