বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শ্রীধরপুর গ্রামে একটি নির্মাণাধীন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের বাবা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীধরপুর গ্রামে নতুন নির্মিত একটি ভবনের দুইটি ইউনিটের মধ্যে একটির ইলেকট্রনিক্স কাজ সম্পন্ন করে মালিক পক্ষের কাছে হস্তান্তর করে সামাদ ইলেকট্রনিকস কর্তৃপক্ষ। পরবর্তীতে সেই ইউনিটে মালিকের ছোট ভাই বাসিত উদ্দিন (৩৫) পরিবারসহ বসবাস শুরু করেন।

শনিবার গভীর রাতে হঠাৎ বিদ্যুতিক ত্রুটির কারণে পুরো ভবনে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই আগুনে পুড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বাসিত উদ্দিন ও তার ৫ বছর বয়সী কন্যা সোহানা। এই অগ্নিকাণ্ডে ভবনের বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ভস্মীভূত হয় বেশ কয়েকটি ফ্ল্যাট ও ঘরে থাকা আসবাবপত্র।এ ঘটনায় নিহত বাসিত উদ্দিনের স্ত্রী বাদী হয়ে বড়লেখা থানায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সামাদ আব্দুস সহ ঘটনায় সংশ্লিষ্ট দের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন ঘটনার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, নতুন ভবনে সঠিকভাবে বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে