জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। রাজধানির বেইলী রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনায় নিহত কাউসারের পরিবারের ৫’জনের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকালে বাদ আসর জেলার সরাইল উপজেলার শাহবাজপুর খন্দকার পাড়া জামে মসজিদের মাটগে এই জানাযা অনুষ্ঠিত হয়। এসময় জানাযা পড়ান মাওলানা আব্দুল কুদ্দুছ। নিহতরা হলেন জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে সৈয়দা ফাতেমা কাশফিয়া (১৮), সৈয়দা উম্মে নূর (১৩)ছেলে সৈয়দ আব্দুল্লা (৭)। তারা রাজধানীর মধুবাগ এলাকায় বসবাস করতেন। ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনিদের হারিয়ে বিলাপ করছিলেন হেলেনা বেগম।
আহাজারি করতে করতে তিনি বলেন, ‘আমার ছেলে বিদায় নিতে আওয়ার (আসার) কতা ছিল। অহন শেষ বিদায় নিতে আইবো। আমার ছেলেরে কেউ আইন্না দেও। কেউ আমার ছেলেরে আইন্না দিতারবা (দিতে পারবা)? আমার ত সব শেষ। ছেলে, বউ, নাতি-নাতিন কেউ নাই। আমি অহন কেমনে বাঁচুম? তোমরা কেউ হেরারে (তাদের) আইন্না দেও। নিহত কাউসারের চাচাতো ভাই সৈয়দ আবুল ফারাহ তুহিন জানান, কাউসার প্রথমে সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। প্রায় ২০ বছর আগে ইতালি পাড়ি দেন। এরমাঝে তার দেশে আসা যাওয়া ছিল।
দেড়মাস আগে প্রায় দুই বছর পর ইতালি থেকে দেশে ফেরেন কাউসার। তার স্ত্রী-সন্তানদের ইতালি নিয়ে যাওয়ার জন্য ভিসা ও টিকিট সম্পন্ন করেছিলেন। আগামী ২০ মার্চ তাদের নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল। তিনি জানান. ছেলে আব্দুল্লাহ এর অনুরোধে কাউসার বৃহস্পতিবার রাতে পরিবারের চার সদস্যসহ কাচ্চি ভাই রেস্টুরেন্টে খাবার খেতে যান তিনি। সেখানে অগ্নদগ্ধ হয়ে সৈয়দ কাউসার, তার স্ত্রী স্বপ্না, মেয়ে কাশফিয়া, মেয়ে নূর, ছেলে আব্দুল্লাহ নিহত হন। তিনি জানান, বাদ আসর খন্দকার পাড়া জামে মসজিদের সামনের মাঠে নিহতদের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ




























