জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলাপ্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আইনশৃঙ্খলার উন্নতি হলেও মাদকের করাল গ্রাসে যুব সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি একথা বলেন। সরাইল উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা উপলক্ষে বুধবার(২৮ ফেব্রুয়ারী)সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবা উল আলম ভূইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সরাইল থানার ওসি তদন্ত আতিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো: আনোয়ার হোসেন, সরাইল প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির,সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শফিকুর রহমান, সরাইল মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক মাহবুব খান বাবুল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির বলেন,সরাইল উপজেলার বেশীরভাগ এলাকায় যানবাহনের যানজট লেগেই থাকে। যানজট এখন মনে হয় যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। তিনি সরাইলের নিত্যদিনের যানজট নিরসনে স্থায়ী উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি কুট্টাপাড়া মোড়ে অবস্থিত খাঁটিখাতা হাইওয়ে থানার নাম পরিবর্তনের ও প্রস্তাব জানান। মাদকের বিরুদ্বে অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করে বলেন,মাদক সমাজ ও জাতিকে ধবংস করে। মাদকাসক্ত যুবক খারাপ কাজে জড়িয়ে যায় খুব সহজেই। মাদক যুব সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তাই তিনি মাদকের বিরুদ্বে নিয়মিত অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।





























