
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাঁটাছেড়া সাজানো সংবিধানে আওয়ামী লীগের তামাশার নির্বাচন বিএনপি হতে দেবে না। আজ শনিবার(৪’ঠা মার্চ) বিকেলে রাজধানীর উত্তরায় বিএনপির পদযাত্রার আগে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের মন্ত্রীরা বলেন, বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হবে। কোন সংবিধান? যে সংবিধান কাঁটাছেড়া করে একটি পাতানো নির্বাচনের জন্য সাজিয়ে নিয়েছে আওয়ামী লীগ? যে নির্বাচনে ভোট দিতে যায় না মানুষ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হলে নির্বাচন নিরপেক্ষ হবে না। এইবার তামাশার নির্বাচন, আওয়ামী লীগের নির্বাচন হতে দেয়া হবে না। এ জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছে। তিনি বলেন, ‘১৫ বছর ধরে আন্দোলনে আছি। আমরা আন্দোলনে থাকব। তাতে বাধা দিলে আমরা তা অতিক্রম করে যাব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকার দেশের মানুষের সমস্যার সমাধান করতে পারছে না বলে অভিযোগ করেন। তিনি বলেন, কয়েক মাসে তিনবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এতে জিনিষপত্রের দাম আরেক দফা বেড়েছে। গ্যাসের দাম বাড়িয়েছে। এ জন্য কলকারাখানা চালু রাখতে সমস্যা হচ্ছে।
মির্জা ফখরুল দাবি করেন, ভারতের আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি করেছে সরকার। কয়লা কিনবে, বিদ্যুৎ কিনবে। তারা বিদ্যুৎ না দিলেও খরচ দিতে হবে সরকারকে। এতে সরকারকে এক লাখ ডলারের বেশি খেসারত দিতে হবে।



























