জহির সিকদার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
লাইসেন্স বিহীন বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের যত্রতত্র গড়ে ওঠেছে বিভিন্ন নামের ক্লিনিক ও বেসরকারি হাসপাতাল। এসবে প্রতিনিয়তই প্রতারিত ও হয়রানির শিকার হচ্ছেন চিকিৎসা সেবা গ্রহীতারা। যথাযথ নিয়ম-নীতি উপেক্ষা করে কেবল অর্থ উপার্জনের ক্ষেত্র হিসেবেই ব্যবহার হচ্ছে এসব ক্লিনিক-হাসপাতাল।

জেলা শহরের পুরাতন জেল রোড ও আশপাশ এলাকাটি ‘হাসপাতাল পল্লী’ হিসেবেও মানুষের কাছে পরিচিত হয়ে ওঠছে। এই নিয়ে সচেতন মহল থেকে একেবারে সাধারণ মানুষেরও অভিযোগের শেষ নেই। এসবের প্রেক্ষিতেই সম্প্রতি টনক নড়ে ওঠে স্বাস্থ্য বিভাগের। তারই পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে লাইসেন্স বিহীন বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলা প্রশাসনের সহায়তায় এই অভিযান চালানো হয়।

আজ মঙ্গলবার (৩০’শে আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চালানো অভিযানে লাইসেন্স না থাকায় শহরের কুমারশীল মোড়ের আলিফ ডায়াগনস্টিক সেন্টার ও খৈয়াসার এলাকার লিবার্টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।  উক্ত অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাখাওয়াত হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস ও মেডিক্যাল অফিসার আশরাফুর রহমান হিমেল। এ সময় বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে এক সপ্তাহের জন্য সতর্ক করা হয়।

ডা. শাখাওয়াত বলেন, স্বাস্থ্য অধিদফতরের নিবন্ধন না থাকায় দুটি বেসরকারি হাসপাতালকে সিলগালা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে