কারো বাসায় এডিস মশা পাওয়া গেলে জেলা-জরিমানা দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। আগামী ৮ এপ্রিল থেকে বাসাবাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে নগরভবনে মশা নিয়ন্ত্রণ নিয়ে মত বিনিময় সভায় নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান সাঈদ খোকন।
এডিস মশা রাজধানীবাসীর কাছে এক আতঙ্ক। মশা মারতে দুই সিটি করপোরেশন যা নয়, তাই করছে। কারণ গত বছর নগরবাসীকে ব্যাপক ভুগিয়েছে চিকুনগুনিয়া। এবার মেয়র সাঈদ খোকনও মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু মশা যেন নিয়ন্ত্রণে আসছেই না। তাই ঘরে ঘরে এডিস খুঁজবে সিটি করপোরেশন। নামছে ভ্রাম্যমাণ আদালত।
মশার প্রজনন রোধে কোন নাগরিক অবহেলা করলে হয় জেল, না হয় জরিমানা। সবাইকে সতর্ক থাকতে বলেন মেয়র খোকন। যে কোন মূল্যে ঢাকাকে এডিস মশা মুক্ত করার প্রত্যয় মেয়রের।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ


























