জাকারিয়া সোহাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান ও দাম যাচাইয়ে ডাইনিং ও ক্যান্টিন পরিদর্শন করেছে সংশ্লিষ্ট হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। খাবারের মান ও পরিবেশ উন্নয়নসহ মশা নিধনেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কাজ করবেন বলে জানিয়েছেন তারা।
শনিবার (৯ এপ্রিল) ভোররাতে সাহরি চলাকালীন সময়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি কাব্বিরুজ্জামান রুহুল এবং সাধারণ সম্পাদক আলফাত সায়েম জেমস এর নেতৃত্বে নেতাকর্মীরা হলের ডাইনিং এবং ক্যান্টিন পরিদর্শন করেন। এসময় হলের খাবারের মান ও অন্যান্য বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তারা।বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী নুর আলম ও রনি আহমেদ বলেন, করোনা পরিস্থিতির কারণে খাবারের দাম বেড়ে যায় অথচ সে অনুযায়ী মানের কোন উন্নতি হয়নি ফলে আমরা ভোগান্তিতে পড়েছি। এসব বিষয়গুলো দেখতেই নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক আমাদের খাবার ক্যান্টিনে আসেন এবং দেখেন।এতে আমরা খুশি হয়েছি যে তারা আমাদের পাশে আছেন, আমাদের যাবতীয় সমস্যার কথাগুলো শুনছেন এবং ডাইনিং ও ক্যান্টিন মালিকদের সাথে কথা বলছেন।
পরিদর্শন শেষে সাধারণ সম্পাদক জেমস বলেন, ছাত্র প্রতিনিধি হিসেবে হলের খাবারের মান কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আমরা ডাইনিং ও ক্যান্টিন মালিকের সাথে কথা বলি এবং খাবার কেমন হবে, খাবারের দাম ও পরিবেশ উন্নয়নের জন্য কী কী করতে হবে সে বিষয়ে প্রভোস্টের সাথে কথা বলবো। এর ফলে সমস্যা সমাধানের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে উঠবে বলে আশা করি। হল শাখা ছাত্রলীগের সভাপতি রুহুল বলেন, হলে অবস্থানরত শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যে সকল সমস্যা আছে তা সমাধানে আমরা উদ্যোগ নিচ্ছি। খাবারের মানের পাশাপাশি হলে মশার উপদ্রব কমাতে হলের চারপাশ আমরা স্ব-উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ হাতে নিয়েছি এবং তা দ্রুত বাস্তবায়ন করা হবে। হল শাখা ছাত্রলীগ নিয়মিত এই পরিদর্শন ও পরিষ্কার কর্মসূচি চালিয়ে যাবে বলেও জানান তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ














