নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ও আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ আজ বুধবার (৩০ মার্চ ২০২২) অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভাগসমূহে নবীনদের স্বাগত জানিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোবিপ্রবির মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী।
ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি আইআইটির পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ অহিদুর রহমানের সভপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানান মাননীয় উপাচার্য। সংক্ষিপ্ত বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘সাফল্যের সাথে শিক্ষাজীবন সমাপ্ত করতে হবে এবং আলোকিত মানুষ হয়ে বের হতে হবে। পরিবারসহ গোটা দেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। দেশকে ভালোবাসো, যোগ্য নাগরিক হও এই প্রত্যাশা করি।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আইকিউএসির সম্মেলন কক্ষে আইন বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোবিপ্রবির মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী। বিভাগের চেয়ারম্যান জনাব বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং কেক কাটা হয়।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














