ছয় মাসের মধ্যে ভাষা শহীদদের তালিকা প্রকাশ করতে হাইকোর্টের নির্দেশের পর এক বছর পেরিয়ে গেলেও তালিকা তৈরির উদ্যোগ নেই সরকারের। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ভাষা সংগ্রামীরা। রিটকারী আইনজীবী বলছেন, শিগগিরই আদালত অবমাননার মামলা করবেন তিনি।
সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৫ আগস্ট হাইকোর্ট ভাষা সৈনিকদের তালিকা করতে সরকারকে নির্দেশ দেয়। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের গঠন করা কমিটি প্রাথমিকভাবে ৬৬ জনের নাম সংগ্রহ করে গেজেট প্রকাশ করে। তবে বিভিন্ন জটিলতার কারণে তালিকা পূর্ণাঙ্গ করার কাজ বন্ধ করে দেন কমিটির সদস্যরা।
সবশেষ গত বছরের ১৯ জানুয়ারি ৬ মাসের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করতে ফের নির্দেশ দেয় হাইকোর্ট। তবে এ বিষয়ে আর কোনো অগ্রগতি নেই। এতদিনেও ভাষা সৈনিকদের তালিকা না হওয়ায় আদালত অবমাননা হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
পাকিস্তানীদের রক্তচক্ষু উপেক্ষা করে যারা রাষ্ট্রভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠা করেছেন, ৬৭ বছরেও তাদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি। এমনকি বেশিরভাগ ভাষা সংগ্রামীর নাম হারিয়ে যেতে বসেছে বিস্মৃতির অতলে।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ


























