করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার ও সংক্রমণ কমে যাওয়ায় সরকারী নির্দেশনার আলোকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের আবাসিক হলসমূহ টিকা গ্রহণকারী (অন্তত ১ম ডোজ) শিক্ষার্থীদের জন্য আগামী ২ নভেম্বর হতে খুলে দেওয়া হবে এবং ১১ নভেম্বর হতে শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে ক্লাস ও পরীক্ষা নেওয়া হবে। সশরীরে ক্লাস-পরীক্ষার পাশাপাশি প্রয়োজনে অনলাইনেও ক্লাস-পরীক্ষা চলবে।
গত ২৮ অক্টোবর ২০২১ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে শনিবার (৩০ অক্টোবর ২০২১) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, অন্তত প্রথম ডোজ টিকা গ্রহনকারী এবং আবাসিক শিক্ষার্থীরাই সংশ্লিষ্ট হলে উঠতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট সকলকে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি (মাস্ক পরিধান করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব মেনে চলা, সাবান-পানি দিয়ে হাত ধৌত করা এবং হাঁচি-কাশি হলে টিস্যু বা রুমাল ব্যবহার করা ইত্যাদি) মেনে চলতে হবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























