কোচিং ব্যবসায় জড়িত থাকায় রাজধানীর চার কলেজের ৭২ শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নোটিস পাওয়ার ১০ দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।
এর মধ্যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩৬ জন, মতিঝিল মডেল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৪, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ৭ এবং রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের ৫ জন শিক্ষক রয়েছেন। দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে কোচিং ব্যবসার প্রমাণ পেয়েছে।
কোচিং ব্যবসায় জড়িত থাকায় গত ২ ফেব্রুয়ারি রাজধানীর চার স্কুলের ২৫ শিক্ষককে বদলির আদেশ দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা’ অনুযায়ী কোনো শিক্ষক কোচিং ব্যবসায় জড়িত থাকলে তাকে বরখাস্তসহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে।
ডেস্ক রিপোর্ট, বিডি টাইম্স নিউজ



























