সরকারের সকল বাধা এবং চক্রান্ত বানচাল করে শনিবার বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমরা মহানগর নাট্য মঞ্চ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তন, হোটেল পূর্বাণীসহ সবখানে আপ্রাণ চেষ্টা করেছি সভার ভেন্যু ঠিক করতে। কিন্তু অনুমতি মেলেনি। এরপর বসুন্ধরার রাজদর্শন কনভেনশন হলে বুকিং দিয়েছিলাম। টাকাও জমা দিই। কিন্তু পরে তারা হল রুমের পুন:গঠন করা হচ্ছে জানিয়ে বুকিং বাতিল করেন এবং টাকা ফেরত দেন। আমরা বুঝতে পেরেছি যে, তাদেরকে চাপ দেয়া হয়েছে। সর্বশেষ নিরুপায় হয়ে লা মেরিডিয়ানে সভা করছি।

‘বিএনপি বিলাসবহুল হোটেলে সভা করছে’ ওবায়দুল কাদের এর এমন মন্তব্যের কড়া সমালোচনা করে রিজভী বলেন: আমরা প্রচলিত নিয়মে যেসব সভা-সমাবেশ করি সেখানে অনেক চেষ্টা করেছি ভেন্যু নেয়ার। কিন্তু আপনারা অনুমতি দেননি। আপনারা দখল করে রেখেছেন। আপনারা সবখানে দখলদারিত্ব বজায় রেখেছেন। গণতন্ত্রের গলায় দড়ি বেঁধে রেখেছেন।

রিজভীর অভিযোগ শনিবারের সভা বানচাল করতে এবং আমাদের নির্বাহী সদস্যরা যেন উপস্থিত হতে না পারে সেজন্য সরকার চক্রান্ত করছে। আমাদের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে। এছাড়া প্রতি মূহুর্তে নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ভীতি সৃষ্টি করছে। নির্বাহী কমিটির সভার অনুমতি দিয়েও বানচাল করতে ডিস্টার্ব করছে সরকার। এরপরও সকল চক্রান্ত বানচাল করে শনিবারের সভা হবে।

অনলাইন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে