৪২ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা’য় কলকাতায় প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ অংশগ্রহণ করেছে । এ বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে সরকারি ও বেসরকারি ৪২টি স্টল থাকছে । সরকারি স্টলগুলোর ভিতর আছে বাংলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু একাডেমী, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর । বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সহযোগিতায় এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় এবারের বইমেলায় বাংলাদেশ অংশগ্রহণ করছে ।

এবারের ৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস হিসেবে মেলা কর্তৃপক্ষ ৩রা ফেব্রুয়ারি-কে  নির্ধারণ করেছে । আগামী ৩রা ফেব্রুয়ারি ২০১৮ তারিখে, শনিবার “বাংলাদেশ দিবস”-এ কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন কতৃক বিকেল ৫:৩০টা থেকে ৭:৩০টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণের স্টেট ব্যাংক অডিটোরিয়ামে ‘বাংলাদেশের সাহিত্যে মুক্তিযুদ্ধ’ শীর্ষক একটি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে । উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নুর, এমপি প্রধান অতিথি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় সম্মানিত অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি, এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শ্রী পংকজ দেবনাথ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ইব্রাহীম হোসেন খান সেমিনারে সভাপতিত্ব করবেন। উদ্বোধনী বক্তব্য রাখবেন বাংলাদেশ উপ-হাইকমিশনার জনাব তৌফিক হাসান ।

উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মুনতাসীর মামুন ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন ।আলোচক হিসেবে আরো থাকবেন ভারতের বিশিষ্ট ঔপন্যাসিক শ্রী সমরেশ মজুমদার এবং বাংলা একাডেমী, ঢাকা-এর মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান ।

বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । প্রখ্যাত শিল্পী অদিতি মহসিন, প্রিয়াঙ্কা গোপ, এ.এস.এম শফি মন্ডল সঙ্গীত পরিবেশন করবেন ।৪২তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় ঢাকার ঐতিহ্যবাহী ও সুপরিচিত ‘আহসান মঞ্জিল’ এর আদলে ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ নির্মিত হয়েছে।

কোয়েনা চক্রবর্তী, কলকাতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে