
জলবায়ুর দূষণ রোধে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সংখ্যা কমিয়ে আনতে চায় সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আরো জানান, এজন্য পরিবেশবান্ধব বিদ্যুৎ ও জ্বালানি তৈরির ওপর জোর দিচ্ছেন তারা। শুক্রবার সকালে অনলাইন প্লাটফর্মে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত জলবায়ু বিষয়ক দুদিনব্যাপী ভার্চুয়াল ‘লিডারস সামিট অন ক্লাইমেট অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারটি প্রস্তাব উপস্থাপন করেন। এতে তিনি জলবায়ুর ক্ষতি প্রশমন এবং পুনর্বাসনে বার্ষিক ১০০ বিলিয়ন ডলার তহবিল নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারে বিশ্ব নেতাদের রাজনৈতিক সদিচ্ছা আছে। তাই এ তহবিলের অর্থ দ্রুত ছাড় হবে বলেও আশা প্রকাশ করেন এ কে আব্দুল মোমেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














