আলেম-ওলামাদের গ্রেপ্তারে অভিযান না চালিয়ে অভিযুক্তদের তালিকা পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। বৃহস্পতিবার এক বিবৃতিতে বাবুনগরী এসব কথা বলেন। এসময় সরকারের উদ্দেশে বাবুনগরী বলেন, দেশের নিম্ন আয়ের গরিব মানুষকে আর হয়রানি ও কষ্ট না দিয়ে আমার কাছে তালিকাটা পাঠান, আমি অভিযুক্তদের সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে জেলে চলে যাব।

বিবৃতিতে তিনি আরো দাবি করেন, আলেম-ওলামাদের গ্রেপ্তারের সময় গণপ্রতিরোধ ও প্রতিবাদ রুখতে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এতে জনগণের কষ্ট হচ্ছে। হেফাজত কর্মীদের গ্রেপ্তারের জন্য কথিত তালিকার কথা উল্লেখ করে বাবুনগরী বলেন, কর্মীদের গ্রেপ্তার করতে একজন পুলিশও পাঠাতে হবে না। এর বিনিময়ে আপনারা লকডাউন তুলে নিন।

দেশে সাম্প্রতিক সময়ে হেফাজতের চালানো তাণ্ডব ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অবস্থানকে ঘিরে সহিংসতার মামলায় সংগঠনের এখনো পর্যন্ত ১৬ জন নেতা গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার বিভিন্ন মামলায় সংগঠনের আরও অনেককে গ্রেপ্তার করা হতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বরাত দিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশ করা হয়েছে। আর এই প্রেক্ষিতে আজকের এই বিবৃতিতে হেফাজত আমির আরো বলেন, সারা বছরের মধ্যে পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য আমল করার সেরা সময়। মাহে রমজান হলো সাহায্য সহানুভূতির মাস। অথচ এই মাসেই বাংলাদেশে জুলুম, গ্রেপ্তার, নির্যাতন চালানো হচ্ছে শত শত হেফাজতের নেতা–কর্মী, আলেম–ওলামা, ছাত্র ও তৌহিদি জনতার ওপর।

বাবুনগরী এসময় দাবি করেন, গ্রেপ্তার হেফাজত নেতা–কর্মী ও সমর্থকেরা জেলখানার নোংরা পরিবেশে স্বাচ্ছন্দ্যে গোসল, অজু, নামাজ, পবিত্র কুরআন তিলাওয়াত করাসহ সাহ্‌রি ও ইফতার খেতে পারছেন না। তিনি সব মাদ্রাসা ও হেফজখানা খুলে দেওয়ারও অনুরোধ করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে