কার্বন নিঃসরণ কমাতে উন্নত দেশগুলোকে দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’-এ ধারণকৃত ভিডিও বার্তায়, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বছরে ১০ হাজার কোটি ডলারের তহবিল গঠনসহ ৪’দফা প্রস্তাবও দিয়েছেন তিনি।
লিডার্স সামিট অন ক্লাইমেটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সভাপতিত্বে শুরু হওয়া দুদিনের এই জলবায়ু সম্মেলনে অংশ নেন ৪০’দেশের নেতারা। এসময় জলবায়ু পরিবর্তন প্রশ্নে নানা পরামর্শও দেন বিশ্ব নেতারা।এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রি সেলসিয়াসে রাখতে উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে দ্রুত কমাতে হবে। সে লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জোর দেন তিনি।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বছরে ১০ হাজার কোটি ডলারের তহবিল নিশ্চিতের তাগিদও দেন শেখ হাসিনা। তিনি বলেন, এই অর্থ দুর্বল দেশগুলোর ক্ষতি বিবেচনায় নিয়ে তাদের অভিযোজন এবং ঝুঁকি নিরসনে সমভাবে বন্টন করা উচিত।
সম্মেলনে মিয়ানমারের বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া, বাংলাদেশের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এসময় সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানোয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তনের প্রশংসা করেন।
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকলেও সম্পদের সীমাবদ্ধতা নিয়ে বাংলাদেশ অভিযোজন ও প্রশমন বিষয়ে বিশ্বে নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























