জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য আগামী দু’দিন রাজধানীতে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, শুক্রবার (২৬ মার্চ) ও শনিবার (২৭ মার্চ) আগত বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রত্রিত থাকবে। এমনকি কিছু কিছু সময়ের জন্য সেসব সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (২৬’শে মার্চ) ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিনে বিমানবন্দর থেকে সড়কপথে সাভার, ধানমন্ডি ৩২, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও জাতীয় প্যারেড স্কয়ারে তার যাতায়াত থাকবে। ফলে ভিভিআইপিদের চলাচলের সুবিধার্থে সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং চলাচলের সময় সেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
২৬’শে মার্চ সকাল থেকে রাত পর্যন্ত নরেন্দ্র মোদীসহ ভিভিআইপিদের ব্যবহৃত সম্ভাব্য সড়কগুলো হচ্ছে- বিমানবন্দর সড়ক, গাবতলী-আমিনবাজার-সাভার, ধানমন্ডি-মিরপুর সড়ক হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। এরপর ইন্টারকন্টিনেন্টাল থেকে প্যারেড স্কয়ার, সবশেষে প্যারেড স্কয়ার থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। সাময়িক অসুবিধার জন্য জনসাধারণের কাছে আগে থেকেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























