
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙ্গে দেয়ার প্রতিবাদে আজ সোমবার(৭’ই ডিসেম্বর)সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যালয়ের(নোবিপ্রবি) মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যের সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই মানবন্ধনে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেয়। মানববন্ধন শেষে প্রশাসনকি ভবনের সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আফসানা মৌসুমীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৭ সাল থেকে স্বাধীন বাংলাদেশের জন্য লড়াই আর সংগ্রাম করে আসছেন। তিনি তাঁর ৫৫ বছর জীবনে ২২ বছরই জেল খেটেছেন এদেশের মুক্তিকামী মানুষের স্বপ্ন পূরণের জন্য। তিনি ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি। আমাদের মুক্তিযুদ্ধের মহান স্থপতি ও এদেশের জাতির পিতা। অথচ আজ স্বাধীনতাবিরোধী চক্র কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে দেয় কোন দুঃসাহসে। আমরা আজকের মানববনন্ধনের থেকে এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। তিনি আরো বলেন, ইতিমধ্যে ভাস্কর্য ভাঙ্গার ঘটনায় চারজন গ্রেপ্তার হয়েছে, আমি এর সাথে জড়িত মাস্টারমাইন্ডদের দ্রত গ্রেপ্তার ও পরবর্তীতে যথোপযুক্ত শাস্তির দাবি করছি’।
প্রসঙ্গত: শুক্রবার (৪’ঠা ডিসেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের মুখ ও হাতের অংশে ভাঙচুর করা হয়।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























