ক্যাম্পাস নিউজ ডেস্ক ।। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির ১ম সভা আজ(৯’ই নভেম্বর) প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম সভাপতিত্ব করেন। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ-এর সঞ্চালনায় বেলা ১১টায় শুরু এ সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতিবৃন্দ, প্রভোস্টবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় ভর্তি পরীক্ষা নিয়ে বিভাগসমূহের মতামত উপস্থাপন করা হয়। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ বছর পূর্বের প্রচলিত লিখিত পরীক্ষার ভিত্তিতে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির পরবর্তী সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ও পরীক্ষা গ্রহণের বিস্তারিত কর্মসূচি নেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























