করোনাকালীন বাধাকে মোকাবেলা করে একাডেমিক কার্যক্রমকে আরো গতিশীল করতে ইবি ভাইস-চ্যান্সেলরের সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সভাকক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালামের সাথে বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগের বিভাগীয় প্রধানদের মতবিনিময় সভা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, চলমান বৈশ্বিক মহামারী করোনার বাধাকে সরিয়ে আমাদের একাডেমিক কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। তিনি বলেন, অনেক দেশ আজ করোনাকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি সার্বিক শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি পাঠদানের ক্ষেত্রে বর্তমানে চলমান অনলাইন কার্যক্রমকে আরো বেগবান করবার জন্য উপস্থিত বিভাগীয় প্রধানদের প্রতি উদাত্ত আহবান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর দক্ষ নেতৃত্বে দেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। তাই আজ এই করোনাকালীন সময়ে মতবিনিময় সভায় অনেক বিভাগীয় প্রধানেরা স্বশরীরে উপস্থিত না থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যামে মতবিনিময় সভায় সংযুক্ত হয়েছে। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম সকলের ঐকান্তিক প্রচেষ্ঠায় এই দূর্যোগকালীন সময়ে একাডেমিক কার্যক্রমকে চলমান রাখার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও বিভিন্ন বিভাগের সভপতিবৃন্দ। মতবিনময় সভায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার(ভারঃ) এস. এম আব্দুল লতিফ, অতিরিক্ত রেজিস্ট্রার(ভারঃ) ড. মোঃ নওয়াব আলী ও আইসিটি সেলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























