প্রীতম মজুমদার, ইবি প্রতিনিধি।। ছাত্র মৈত্রীর পক্ষ থেকে অনতিবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান দাবি জানানো হয়েছে।
বুধবার সংগঠনটির সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পুর যৌথ বিবৃতির মাধ্যমে জানানো হয় ‘তথ্য প্রযুক্তির যুগে শিক্ষার গুণগত মানের উৎকর্ষ সাধনে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই। নিয়মিত নতুন নতুন প্রযুক্তির সংযোজন ঘটছে আমাদের প্রাত্যহিক জীবনে। যা শিক্ষা ও শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাচ্ছে ধাপে ধাপে। তেমনি প্রযুক্তির অন্যতম ক্ষেত্র একাডেমিক ই-মেইল।
ইতোমধ্যে দেশের উল্লেখ্যযোগ্য সংখ্যক কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছে। নেতৃবৃন্দ আরো বলেন, প্রাতিষ্ঠানিক ই-মেইল শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও গবেষণার দ্বার উন্মোচিত করে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
আন্তর্জাতিক অঙ্গনে গবেষণাসহ দূর্লভ্য কিছু প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা সহজে প্রবেশ করতে পারবে। যে ক্ষেত্রসমূহে ট্রাডিশনাল ই-মেইল ব্যবহার করা যায় না, সেখানে প্রাতিষ্ঠানিক ই-মেইল ব্যবহার করে সহজেই সুবিধা গ্রহণ করা যায়। সার্বিক বিষয় বিবেচনা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদানে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























