রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) গত ঈদুল আযহার বন্ধ চলাকালীন ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। সেই চুরির ঘটনার সুরাহা না হতেই আবারো ঘটলো নতুন কম্পিউটার চুরির ঘটনা। এবার চুরির ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের একটি টিনশেড ভবনে।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অফিস রুম থেকে চুরি হয়েছে ২টি কম্পিউটার। এব্যাপারে উক্ত বিভাগের সভাপতি তসলিম আহম্মদ সাংবাদিকদের জানান, “চুরির ঘটনাটি ঠিক কবে, কখন বা কীভাবে ঘটেছে এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। তবে শিক্ষার্থীদের রেজাল্ট সংক্রান্ত কাজে গতকাল (১৫সেপ্টেম্বর) বিভাগের অফিস রুম খুললে টিনের ছাউনি ভাঙাসহ ২টি কম্পিউটার নিখোঁজ দেখতে পাই এবং তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করি।” বিভাগের অবস্থান জনিত সমস্যা উল্লেখ করে তিনি আরো বলেন, “আমাদের বিভাগটি মূলত বিশ্ববিদ্যালয়ের পেছনের দিকে অবস্থিত, তাছাড়া আশেপাশে সব ঝোপঝাড় হবার কারণে অনেকবার সাপের উপদ্রব এবং স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হয়েছি।
নিরাপত্তা সমস্যাজনিত বিষয় নিয়ে চলতি বছরের ৩মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বরাবর লিখিত আবেদনপত্র প্রদান করি।” এদিকে চুরির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, “এ বিষয়ে এখনও আমরা কিছু জানতে পারিনি। তবে শুনেছি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে দুটি কম্পিউটার চুরি হয়েছে।”
উল্লেখ্য, লকডাউন শুরুর দিকে বিশ্ববিদ্যালয়ের বাইরে শিক্ষার্থীদের মেসে কম্পিউটার, নগদ টাকাসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী চুরির ঘটনার পরেই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবন থেকে ঘটলো কম্পিউটার চুরির ঘটনা, সেটা ছিলো এক পুকুর চুরি। সেই ঘটনার রেশ না কাটতেই আবারও কম্পিউটার চুরি। বিশ্ববিদ্যালয়ে এযেনো চুরির মহোৎসব চলছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























